?> ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ট্রাম্পের | AAA News । বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ, শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। AAA News । বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ, শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন।
শেয়ার বাজার

ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ট্রাম্পের

Kayes@Aaa

প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ট্রাম্পের

ইরানের দেওয়া সাত দিনের যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর তেহরানে পুনরায় বোমাবর্ষণ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ফেব্রুয়ারির শেষের দিকে যৌথ হামলা শুরু করার পর তৈরি হওয়া সংঘাত নিরসনে ওয়াশিংটন শর্ত মেনে নিলে সাত দিনের মধ্যে কৌশলগত জলপথ হরমুজ প্রণালি খুলে দেওয়া ও যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়েছিল ইরান।

শুক্রবার জাতিসংঘে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে সাত দিনের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা পাঠানো হয়েছে। মার্কিন পক্ষ থেকে চুক্তি ও হরমুজ প্রণালি পুনরায় খোলার ব্যাপারে আন্তরিকতা থাকলে সবকিছু প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ‘এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের। ইরান কোনো চাপ, হুমকি বা ভয়ভীতি সহ্য করবে না এবং চাপের মুখে সার্বভৌম অধিকার বিসর্জন দেবে না।’

তবে ঘটনার কয়েক ঘণ্টা পরই দ্য ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের বরাতে জানায়, ট্রাম্প প্রস্তাবটি নাকচ করে দিয়েছেন। তেহরান তার শর্ত পূরণ করবে কি না তা নিয়ে ট্রাম্প সংশয় প্রকাশ করেছেন এবং নতুন করে বোমাবর্ষণ শুরু হওয়ার পথেই এগোচ্ছেন।

ইরানের দেওয়া প্রস্তাবে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র যদি তাদের নৌ অবরোধ তুলে নেয়, তেলের ওপর নিষেধাজ্ঞা মওকুফ করে এবং লেবাননসহ পুরো অঞ্চলে যুদ্ধবিরতি মেনে চলে, তবে তারা সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেবে এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরবে। এই প্রস্তাবটি গত জুনে সই হওয়া একটি চুক্তির অনুরূপ ছিল।

গত ১৭ জুন ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে ১৪ দফার একটি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। সেখানে লেবাননসহ সব সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করা এবং ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর অঙ্গীকার ছিল। কিন্তু ৮ জুলাই ট্রাম্প চুক্তিটি বাতিল বলে ঘোষণা করেন এবং এক সপ্তাহ পর ওয়াশিংটনের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে তেহরান সমঝোতা স্মারক স্থগিত করে।

হোয়াইট হাউস শুক্রবার জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা চালিয়ে যাচ্ছেন।

সূত্র: এনডিটিভি

সৌদি আরবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে যুক্তরাজ্য

Kayes@Aaa

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬

সৌদি আরবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে যুক্তরাজ্য

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় সৌদি আরবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও আকাশে জ্বালানি সরবরাহকারী একটি সামরিক বিমান পাঠিয়েছে যুক্তরাজ্য। 

সোমবার (১২ অক্টোবর) ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

শাফাক নিউজের প্রতিবেদন অনুযায়ী, পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় বার্নহাম বলেন, সৌদি আরবে মোতায়েন করা ‘ভয়েজার’ নামের বিমানটি ইতিমধ্যে ১৪টি সামরিক অভিযান সম্পন্ন করেছে। বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এ সহায়তা প্রয়োজন।

রোববার (১১ অক্টোবর) হুতিরা দাবি করে, আগের ২৪ ঘণ্টায় তারা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে সৌদি আরবের দুটি বিমানবন্দর ও রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি স্থাপনায় চারটি অভিযান চালিয়েছে।


হুতিদের দাবি, সানআ, তাইজ, মারিব, আল-জাওফ, হাজ্জা, আল-হুদায়দা ও সা'দা অঞ্চলে সৌদি আরবের ১২৪টি বিমান হামলার জবাবে এসব অভিযান চালানো হয়েছে। তাদের আরও দাবি, সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর থেকে সৌদি বাহিনী মোট ২ হাজার ৫৮টি বিমান হামলা চালিয়েছে।তবে হুতিদের দেওয়া এসব হামলার হিসাব ও দাবির বিষয়ে প্রতিবেদনে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য উল্লেখ করা হয়নি।


একই পরিবারের ৪ বাংলাদেশি আহত
লেবাননে ইসরায়েলি হামলা, একই পরিবারের ৪ বাংলাদেশি আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মে, ২০২৬

লেবাননে ইসরায়েলি হামলা, একই পরিবারের ৪ বাংলাদেশি আহত

লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযান ক্রমেই ভয়াবহ মানবিক সংকটে রূপ নিচ্ছে। দক্ষিণাঞ্চলে নতুন করে চালানো হামলায় বহু হতাহতের পাশাপাশি এবার একই পরিবারের চার বাংলাদেশি নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৮ মে) লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। আহতদের মধ্যে নাভানিয়া এলাকায় ড্রোন হামলার শিকার হওয়া চার বাংলাদেশিও রয়েছেন। তারা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় একযোগে বিমান ও ড্রোন হামলা চালানোর পাশাপাশি ইসরায়েল নতুন করে এলাকা খালি করার নির্দেশ জারি করেছে। এতে হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন সদস্য রয়েছেন। বৃহস্পতিবার ভোরে সাইদা ও টাইরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ আদলুন মহাসড়ক দিয়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় ইসরায়েলি ড্রোন হামলায় তারা নিহত হন।

সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ লেবাননের আবাসিক এলাকা, সড়ক ও বেসামরিক স্থাপনাগুলোতে হামলা আরও তীব্র করেছে ইসরায়েল। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, নাভানিয়া এলাকায় হামলায় তাদের এক সেনাসদস্য নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ লেবানন ও পশ্চিম বেকা উপত্যকায় সাম্প্রতিক কয়েকটি হামলায় আরও কয়েকজন লেবানিজ সেনা প্রাণ হারিয়েছেন।

এদিকে টাইর ও আশপাশের বিস্তীর্ণ এলাকা খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। বাসিন্দাদের দ্রুত জাহরানি নদীর উত্তরে সরে যেতে বলা হয়েছে, যা লেবানন-ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে।

টাইর শহরে রাতভর চালানো বিমান হামলায় একটি ভবন ও একটি ক্যাফেতে আগুন ধরে যায়। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে বাস্তবে এসব হামলায় বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক এলাকা ও জনবসতি। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি সতর্ক করে বলেছে, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং ঘনবসতিপূর্ণ এলাকায় ধারাবাহিক হামলা সাধারণ মানুষের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে এবং এতে মানবিক সংকট আরও গভীর হচ্ছে।


সৌদি আরবের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি প্রকাশ

Kayes@Aaa

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি প্রকাশ

ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এম জে এইচ জাভেদ ওআইসিতে সৌদি আরবের নবনিযুক্ত স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খালিদ বিন ইসমাইল বিন বাদাওয়ি বিন হুসাইন আল শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

 মঙ্গলবার (১৩ অক্টোবর) তারা বাগদাদে অনুষ্ঠাতব্য ৫২তম পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) বৈঠক নিয়ে আলোচনা করেন।

সৌদি আরবের বিভিন্ন বেসামরিক অবকাঠামোর ওপর সাম্প্রতিক হুথি হামলার ঘটনায় দুই বাংলাদেশি নাগরিকসহ বেশ কয়েকজন নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটেছে তুলে ধরে রাষ্ট্রদূত জাভেদ ভ্রাতৃপ্রতিম সৌদি আরবের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি প্রকাশ করেন।

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হুথিদের হামলার মুখে সৌদি আরবের পাশে দাঁড়ানোর জন্য সৌদি দূত বাংলাদেশের জনগণ ও সরকারের ভূয়সী প্রশংসা করেন।

সৌদি রাষ্ট্রদূত রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। তিনি উল্লেখ করেন যে, আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা সংঘটনের দায় নির্ধারণের বিষয়ে প্রত্যাশিত ইতিবাচক রায় আন্তর্জাতিক মানবাধিকার আইনের ক্ষেত্রে একটি ঐতিহাসিক নজির স্থাপন করবে।

উভয় পক্ষ ওআইসির বিভিন্ন ফোরামে বাণিজ্য ও অর্থায়ন, কৃষি, স্বাস্থ্যসেবা এবং বিজ্ঞান ও প্রযুক্তিসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার বিষয়ে সম্মত হয়।