?> যেভাবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে পারে বাংলাদেশ | AAA News । বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ, শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। AAA News । বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ, শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন।
শেয়ার বাজার

যেভাবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে পারে বাংলাদেশ

Kayes@Aaa

প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

যেভাবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে পারে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানের বড় ব্যবধানে হারের পর ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেছে বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিতলেই শুধু হবে না, নেট রান রেটের হিসাবও মেলাতে হবে টাইগারদের।আগে ব্যাট করলে অন্তত ৪১ রানের ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে। আর পরে ব্যাট করলে লক্ষ্য অনুযায়ী নির্দিষ্ট ওভারের মধ্যে জয় নিশ্চিত করতে হবে।

সংযুক্ত আরব আমিরাতে চলমান এই সিরিজে বাংলাদেশের শুরুটা হয়েছে হতাশার। নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরেছে দল। ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ওই হারে নেট রান রেট নেমে যায় -১.৯৮০-এ। এরপর ১৯ অক্টোবর আফগানিস্তানের কাছে ১৫৮ রানে হেরেছে জিম্বাবুয়ে। ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ তৈরি হয়েছে।

আগামী ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে নিজেদের শেষ লিগ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ফাইনালে উঠতে বড় ব্যবধানে জয়ের বিকল্প নেই বললেই চলে। আগে ব্যাটিং করলে অন্তত ৪১ রানের জয় পেতে হবে। এতে নেট রান রেট বাড়িয়ে ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে পারবে দল।

অন্যদিকে, পরে ব্যাটিং করলে লক্ষ্য কত, তার ওপর নির্ভর করবে জয়ের সময়সীমা। সমীকরণ অনুযায়ী, ২০০ রানের লক্ষ্য পেলে ৪০.২ ওভারের মধ্যে জিততে হবে বাংলাদেশকে। ২২০ রানের লক্ষ্য হলে জিততে হবে ৪০.৫ ওভারের মধ্যে। ২৪০ রানের লক্ষ্য তাড়া করতে হবে ৪১.১ ওভারের মধ্যে। আর ২৫০ রানের লক্ষ্য পেলে জিততে হবে ৪১.৩ ওভারের মধ্যে।

এ ছাড়া ২৬০ রানের লক্ষ্য হলে ৪১.৪ ওভার, ২৭০ রানের লক্ষ্য হলে ৪১.৫ ওভার, ২৮০ রানের লক্ষ্য হলে ৪২ ওভার এবং ৩০০ রানের লক্ষ্য হলে ৪২.২ ওভারের মধ্যে জয় নিশ্চিত করতে হবে।

তিন দলের এই প্রতিযোগিতায় লিগ পর্বে প্রতিটি দল অন্য দুই দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলছে। লিগ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে, যা অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর।

বিশ্বকাপে নজর কেড়ে ভালো সুযোগ খুঁজতে চান বাংলাদেশ অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মে, ২০২৬

বিশ্বকাপে নজর কেড়ে ভালো সুযোগ খুঁজতে চান বাংলাদেশ অধিনায়ক

সারা বছরে নারী ক্রিকেটারদের ব্যস্ততা থাকে কমই। এখন বিভিন্ন নারী ফ্র্যাঞ্চাইজি লিগ হলেও সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের সুযোগ খুব একটা মেলে না। নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জানালেন, এসব সুযোগ যেন তাঁদের জন্য আসে এ জন্যও বিশ্বকাপে নজর কাড়তে চান তাঁরা।

আগামী ১২ জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। এর আগে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের সঙ্গে তারা একটি টি-টুয়েন্টি সিরিজ খেলবে স্কটল্যান্ডে। আজ রাতে ও আগামী পরশু সকালে দুই ধাপে দেশ ছেড়ে যাবেন মেয়েরা।

এর আগে বাংলাদেশ অধিনায়ক আজ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমার দলের এক্সপোজার অনেক কম থাকে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে সবার নজর থাকে, এসব জায়গায় যখন আমরা ভালো পারফর্ম করি, তখন দলকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়, আমরা এটাই চাই।’


এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

Kayes@Aaa

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে পেশাদার ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের পরিকল্পনা ও দিকনির্দেশনাতেই  আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে মেগা ক্রীড়া আসর ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। 

এই টুর্নামেন্টকে কেন্দ্র করে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় এক বর্ণাঢ্য ‘অধিনায়ক সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

​সম্মেলনে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০টি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ও ফুটবলের ২০ জন দলনেতা (অধিনায়ক), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি পর্যালোচনা, খেলার নিয়মাবলি নিয়ে আলোচনা এবং গ্রুপ বিন্যাসের জন্য আনুষ্ঠানিক লটারি অনুষ্ঠিত হয়। পাশাপাশি প্রতিযোগিতার অফিশিয়াল জার্সি ও ট্রফি উন্মোচন এবং খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়। ​এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ হলো— প্রথমবারের মতো রাতের ফ্লাডলাইটের আলোয় একই সঙ্গে ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেট ও ফুটবলের পৃথক ক্যাটাগরিতে দুটি গ্রুপে বিভক্ত হয়ে লড়বে।

​গ্রুপ বিন্যাস:

​ক্রিকেট টুর্নামেন্ট: 

​গ্রুপ 'এ': ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), ইউনিভার্সিটি অব স্কলার্স এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

​গ্রুপ 'বি': আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), নর্থ সাউথ ইউনিভার্সিটি, সোনারগাঁও ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

​ফুটবল টুর্নামেন্ট: 

​গ্রুপ 'এ': নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

​গ্রুপ 'বি': আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ব্র্যাক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), সোনারগাঁও ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব স্কলার্স।

​তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করতে ক্রিকেট ও ফুটবলের পৃথক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন দলের জন্য ১০ লাখ টাকা এবং রানার্স-আপ দলের জন্য ৫ লাখ টাকা প্রাইজমানি ঘোষণা করা হয়েছে।

​অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির ডিরেক্টর মো. ইমরুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের মিডিয়া এডভাইজার আব্দুল বারী, এবিজি স্পোর্টস সিটির অ্যাডভাইজার মো. লিয়াকত হোসেন ও মো. নাজমুল আলম ভূঁইয়া, টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভির উল ইসলাম, অপারেশন্স ম্যানেজার (ফুটবল) সালমান হাসান এবং অপারেশন্স ম্যানেজার (ক্রিকেট) ইকরাম হোসেন রাফি।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান বলেন, "এবিজি ইউনিভার্সিটি কাপের যাত্রা শুরু হচ্ছে ফুটবল ও ক্রিকেট দিয়ে। ভবিষ্যতে আরও নানা ইভেন্ট যুক্ত করে এ আয়োজনকে আমরা আরও বৃহৎ পরিসরে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিভাবান ক্রীড়াবিদদের জন্য এমন একটি মঞ্চ তৈরি করতে চাই, যেখানে তারা নিজেদের মেধা ও সামর্থ্য দেখিয়ে জাতীয় ক্রীড়াঙ্গনে অবদান রাখার পথ খুঁজে পাবে।"


​বসুন্ধরা গ্রুপের অবদানের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের অবদান নতুন করে বলার অপেক্ষা রাখে না। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খেলায় পৃষ্ঠপোষকতা, বিশ্বমানের অবকাঠামো নির্মাণ এবং নতুন নতুন উদ্যোগের মাধ্যমে আমরা দীর্ঘদিন ধরে দেশের ক্রীড়াখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছি। এই উপমহাদেশের অন্যতম বৃহৎ ক্রীড়া অবকাঠামো ‘এবিজি স্পোর্টস সিটি’ সেই স্বপ্ন ও অঙ্গীকারেরই এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আনভীর বসুন্ধরা গ্রুপ-এর চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর সাহেবের  পরিকল্পনা ও দিকনির্দেশনাতেই  শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬।

এবিজি ইউনিভার্সিটি কাপ সময়ের পরিক্রমায় আরও বড় ও সমৃদ্ধ হবে এবং দেশের ক্রীড়াঙ্গনে নিজস্ব একটি শক্তিশালী অবস্থান তৈরি করে নেবে।"

​আয়োজক কর্তৃপক্ষ ও অংশগ্রহণকারী অধিনায়কদের প্রত্যাশা, এই টুর্নামেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দলগত সংহতি ও নেতৃত্বগুণ বিকশিত হবে এবং এখান থেকেই আগামী দিনের জাতীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়রা উঠে আসবে।


‘ননসেন্স’ কথা উড়িয়ে নেইমার বললেন, ‘ফিট আছি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মে, ২০২৬

‘ননসেন্স’ কথা উড়িয়ে নেইমার বললেন, ‘ফিট আছি’

ম্যাচে নেইমারের বদলি নিয়ে তোলপাড় ও বিতর্ক তো হয়েই গেছে। ম্যাচের পর তিনি ক্ষোভ উগড়ে দিলেন সমালোচকদের নিয়ে। তার চোট, তার মানসিকতা নিয়ে যারা প্রশ্ন তুলেছেন, তাদেরক কাঠগড়ায় দাঁড় করিয়ে ব্রাজিলিয়ান তারকা জানিয়ে রাখলেন, বিশ্বকাপের জন্য শারীরিকভাবে তিনি তৈরি।

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা করা হবে সোমবার। সেই দলে নেইমারের জায়গা হবে কি না, কৌতূহল এখন ফুটবল বিশ্বজুড়ে। গত বেশ কিছুদিন ধরেই বারবার ঘুরেফিরে উঠে এসেছে প্রসঙ্গটি। এখন স্রেফ উত্তর মেলার পালা।

দল ঘোষণার আগে নিজেকে মেলে ধরার শেষ সুযোগ ছিল তার রোববার। ব্রাজিলিয়ান লিগে সান্তোসের ম্যাচ ছিল করিচিবার সঙ্গে। ম্যাচের ৬৫তম মিনিটে তুলে নেওয়া হয় নেইমারকে। তবে সেটি ছিল আসলে ফোর্থ অফিসিয়ালের ভুল।

নেইমারকে যখন নাটকীয়ভাবে মাঠ থেকে তুলে নেওয়া হয়, তিনি অভিযোগ করেন যে, বদলির সিদ্ধান্ত নিতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেছেন চতুর্থ রেফারি। সতীর্থ গন্সালো এসকোবার পায়ের মাংসপেশির চিকিৎসার জন্য সাময়িকভাবে মাঠ ছাড়লেও, তাকে বদলি করা হয়।

নেইমারের ১০ নম্বর জার্সি বোর্ডে তুলে ধরেন চতুর্থ রেফারি এবং তার জায়গায় রবিনিয়ো জুনিয়রকে মাঠে নামেন। কিন্তু নেইমার মাঠে ফেরার চেষ্টা করায় হলুদ কার্ড পান এবং এরপরই তিনি তীব্র প্রতিবাদে জড়িয়ে পড়েন।

তার যুক্তি শুনতে রাজি হননি রেফারি এবং চরম হতাশার মুহূর্তে কর্মকর্তাদের কাছ থেকে বদলির স্লিপটি ছিনিয়ে নিয়ে নেইমার টিভি ক্যামেরার সামনে দেখান এটা প্রমাণ করার জন্য যে, তাকে নয়, বরং এসকোবারকেই মাঠ থেকে তুলে নেওয়ার কথা ছিল।

লাভ কিছু হয়নি। ক্ষু্ব্ধ ও হতাশ নেইমারকে মাঠ ছাড়তেই এবং অধিনায়কের আর্মব্যান্ডটি তুলে দেন তিনি এসকোবারের হাতে, যাকে বদলি করানোর কথা ছিল।

ম্যাচে প্রথমার্ধের তিন গোলে হেরে যায় সান্তোস।

ম্যাচের পর নেইমারের দিকে মূল প্রশ্ন ছিল অবশ্য তার বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার সম্ভাবনা নিয়ে। সেখানে নিজের আশাবাদ জানিয়ে ৩৪ বছর বয়সী তারকা ক্ষোভ প্রকাশ করলেন সমালোচকদের নিয়ে।

“শারীরিকভাবে আমি দারুণ আছি। ফিট আছি’ প্রতিটি ম্যাচের সঙ্গে সঙ্গে আরও উন্নতি করছি। নিজের সর্বোচ্চটা দিয়েছি – এটা সহজ ছিল না। আমাকে বলতেই হচ্ছে, এটা সহজ ছিল না।”

“বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রমের ফল এটা, পাশাপাশি আমার শারীরিক অবস্থা ও আমি যা করছিলাম, তা নিয়ে অনেক ‘ননসেন্স’ কথাও বলা হয়েছে। মানুষ যেভাবে এসব নিয়ে কথা বলে, তা সত্যিই দুঃখজনক। আমি কঠোর পরিশ্রম করেছি… নীরবে, বাড়িতে… মানুষের কথার কারণে কষ্ট পেয়েছি। তবে শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক হয়ে গেছে।”

নেইমারের মতে, নিজের শতভাগ দিয়ে তিনি চেষ্টা করেছেন। বাকিটুকু কোচ কার্লো আনচেলত্তির হাতে।

“আমি অক্ষত অবস্থায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি। আমার পারফরম্যান্সে, এখনও পর্যন্ত যা কিছু করেছি, তাতে আমি খুশি... যা-ই ঘটুক না কেন, আনচেলত্তি অবশ্যই এই লড়াইয়ের জন্য সেরা ২৬ জন ফুটবলারকে ডাকবেন।”

৭৯ গোল করে ব্রাজিলের সর্বকালের সফলতম গোলস্কোরার নেইমার। তবে ২০২৩ সালের অক্টোবরে গুরুতর চোটের পর আর দেশের জার্সিতে দেখা যায়নি তাকে।