শেয়ার বাজার

মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক

Kayes@Aaa

প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অব্যাহত হামলার মুখে সৌদি আরবের সামরিক চাহিদা মেটাতে তুরস্ক প্রস্তুত বলে জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। পাকিস্তানসহ ত্রিপক্ষীয় মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় এই সহায়তা দেওয়া হতে পারে বলে তিনি জানান। রোববার (২০ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে বরাতে এই খবর জানিয়েছে ডন।

হাকান ফিদান জানান, সৌদি আরবের ভূখণ্ড ও সার্বভৌমত্বের ওপর গুরুতর আক্রমণ ঘটছে এবং ত্রিপক্ষীয় জোট চুক্তির কারণে আঙ্কারা রিয়াদের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছে। বিশেষ করে কিছু কারিগরি বিষয়ে সৌদি আরবের সামরিক প্রয়োজন থাকতে পারে এবং তুরস্কের তা পূরণে কোনো সমস্যা নেই বলে তিনি উল্লেখ করেন। গত মাসে সই হওয়া চুক্তি অনুযায়ী তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে সব দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হয়।

ইয়েমেনের জনবহুল এলাকা নিয়ন্ত্রণকারী হুথিরা জুলাই মাসে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার পর থেকে দেশটির বিভিন্ন শহর, জ্বালানি অবকাঠামো ও নৌপথে আক্রমণ চালিয়ে আসছে। এর ফলে বিশ্বজুড়ে তেল সরবরাহ এবং হরমুজ প্রণালির স্থবিরতার মুখে বিকল্প লোহিত সাগরীয় রুট হুমকির মুখে পড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি থাকায় ট্রাম্প প্রশাসন হুথিদের বিরুদ্ধে সৌদিকে সামরিক সহায়তা দিতে অস্বীকার করেছে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংঘাত এড়িয়ে চলা সৌদি আরবকে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের অংশ করা অগ্রহণযোগ্য। সংঘাত অবসান ঘটাতে সব পক্ষের কাছে নতুন প্রস্তাব পাঠানো হয়েছে উল্লেখ করে তিনি জানান, অর্থনৈতিক ক্ষতি সহ্যসীমা অতিক্রম করায় সব পক্ষের উচিত প্রস্তাবগুলো গ্রহণ করা। 

ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির অধিকারী তুরস্ক স্পষ্ট করেছে, পাকিস্তান ও সৌদির সঙ্গে তাদের চুক্তিটি অন্যান্য দেশের জন্য উন্মুক্ত এবং এটি বিদ্যমান কোনো আন্তর্জাতিক জোটকে প্রতিস্থাপন করে না।

শনিবার ভোরে সৌদি রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে ধোঁয়া ও আগুনের কুণ্ডলী দেখার কয়েক ঘণ্টা পর শহরের ‘সংবেদনশীল’ স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করে হুথিরা। তুরস্ক এসব হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানিয়েছে।

সূত্র: ডন

স্পটিফাইয়ে বড় ধরনের সাইবার হামলার দাবি ইরানি হ্যাকার গ্রুপের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মে, ২০২৬

স্পটিফাইয়ে বড় ধরনের সাইবার হামলার দাবি ইরানি হ্যাকার গ্রুপের

প্রো-ইরান হ্যাকারদের বিরুদ্ধে স্পটিফাইয়ে বড় ধরনের সাইবার হামলার অভিযোগ উঠেছে। ‘ইসলামিক সাইবার রেজিস্ট্যান্স ইন ইরাক-৩১৩ টিম’ নামের একটি হ্যাকার গ্রুপ এই ডিডস (ডিডিওএস) হামলার দায় স্বীকার করেছে বলে এক প্রতিবেদনে জানায় জেরুজালেম পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার (১২ মে) স্পটিফাইয়ের মূল সার্ভার লক্ষ্য করে এ সাইবার হামলা চালানো হয়, যার ফলে প্ল্যাটফর্মটিতে বড় ধরনের বিঘ্ন ঘটে। 

একদিন পর, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায়ও, অনেক ব্যবহারকারী অ্যাপে প্রবেশ করতে সমস্যার মুখে পড়েন। 

ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত প্রায় ৮টার দিকে ব্যবহারকারীরা স্পটিফাই ব্যবহারে সমস্যার কথা জানান।

স্পটিফাইয়ের সাপোর্ট টিম এক বিবৃতিতে জানায়, অ্যাপ, ওয়েবসাইট ও ওয়েব প্লেয়ার ধীরগতি বা অকার্যকর হওয়ার বিষয়ে কিছু অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

অন্যদিকে হ্যাকার গ্রুপটি টেলিগ্রামে দাবি করে, তারা স্পটিফাইয়ের মূল সার্ভার লক্ষ্য করে 'বৃহৎ সাইবার হামলা' চালিয়েছে এবং এতে সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। 

গ্রুপটি আরও দাবি করে, এটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিশোধমূলক পদক্ষেপ।

এদিকে সোমবার ইসরায়েলজুড়ে একাধিক নাগরিককে হোয়াটসঅ্যাপে হুমকিমূলক বার্তা পাঠানোর ঘটনাও সামনে এসেছে। এসব বার্তা বিভিন্ন ব্যবসায়িক অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়, যা দেখতে বৈধ মনে হলেও পরে জানা যায়, এগুলো হ্যাক করা বা ভুয়া অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছে।


ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি করতে চান জেলেনস্কি, দাবি ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২৪

ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি করতে চান জেলেনস্কি, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে তার দেশের যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তির বিষয়ে আগ্রহী। সম্প্রতি প্যারিসে ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে সাক্ষাৎ হয়েছে। সেখানেই জেলেনস্কি ট্রাম্পকে এ বিষয়ে জানিয়েছেন। খবর এএফপির।

এর আগে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ শনিবার এলিসি প্রাসাদে জেলেনস্কি এবং ট্রাম্পের সঙ্গে ত্রিমুখী আলোচনার আয়োজন করেছিলেন। ইউক্রেনে রাশিয়ার হামলার প্রায় তিন বছর চলছে। অপরদিকে আগামী জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ট্রাম্প।

নিজের ট্রুথ সোস্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, এই পাগলামি বন্ধ করতে জেলেনস্কি এবং ইউক্রেন একটি চুক্তি করতে চায়।

ট্রাম্প বলেন, এখানে অবিলম্বে যুদ্ধবিরতি হওয়া উচিত এবং আলোচনা শুরু করা উচিত। অকারণে অনেক জীবন নষ্ট হচ্ছে, অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে এবং যদি এটা চলতে থাকে তবে এটা আরও বড় এবং আরও খারাপ কিছুতে পরিণত হতে পারে।

এদিকে গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে হামলা ও পাল্টা হামলার সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। তাছাড়া শীতের শুরুতে হামলা জোরালো করেছে মস্কো।

শুক্রবার (৬ ডিসেম্বর) ইউক্রেনের কেন্দ্রীয় শহর ক্রিভি রিহতেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। স্থানীয় গর্ভনর জানিয়েছেন, এ ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন।

সেখানের জরুরি সার্ভিস জানিয়েছে, ১৬ জন আহতের মধ্যে একজন শিশু রয়েছে। তাছাড়া নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে বলেও জানানো হয়েছে।


নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে: ফখরুল

প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৬

নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে: ফখরুল

নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। 

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। 

ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেজন্য আমরা বাংলাদেশের মানুষ প্রতি বছর স্মরণ করি, কারণ তার দেখানো যে পথ, সেই পথেই আমরা সামনের দিকে এগিয়ে যাই। একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা আরও দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি। 

মহাসচিব বলেন, আজকে যখন ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে নির্বাচন ঘোষিত হয়েছে। একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে তখন আবার নতুন করে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য...আমরা আজকে এখানে শপথ নিয়েছি এবং এই শপথের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সমস্ত অঙ্গ-সংগঠন বাংলাদেশে শহীদ জিয়ার যে আদর্শ, সে আদর্শকে এখানে বাস্তবায়িত করবে...এই শপথ আমরা আজকে এখানে নিয়েছি।

অনেকের মনোনয়ন বাতিল হচ্ছে, পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক হচ্ছে... এ নিয়ে দলীয় অবস্থান জানতে চাইলে ফখরুল বলেন, এটা বরাবরই আপনার নির্বাচন কমিশনের যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে এটা নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো দুয়েকটা যেটা আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। 

জামায়াতের আমিরের জন্য বিএনপির চেয়ারম্যানের মতো নিরাপত্তা দেওয়ার একটা বিষয় সামনে এসেছে, সেটি জানতে চাইলে তিনি বলেন, এটা তাদের ব্যাপার। এটা আমাদের কিছু নয়।

অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা-১২ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নিরব, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিনসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা কর্মসূচিতে অংশ নেন।