?> মধ্যরাতেই বাড়ল জ্বালানির দাম: পেট্রল, অকটেন ও কেরোসিনে নতুন ধাক্কা, স্বস্তিতে শুধু ডিজেল ক্রেতারা | AAA News । বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ, শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। AAA News । বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ, শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন।
শেয়ার বাজার

জ্বালানির দাম
মধ্যরাতেই বাড়ল জ্বালানির দাম: পেট্রল, অকটেন ও কেরোসিনে নতুন ধাক্কা, স্বস্তিতে শুধু ডিজেল ক্রেতারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার, ৩১ মে ২০২৬

মধ্যরাতেই বাড়ল জ্বালানির দাম: পেট্রল, অকটেন ও কেরোসিনে নতুন ধাক্কা, স্বস্তিতে শুধু ডিজেল ক্রেতারা

বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতার জের ধরে দেশের বাজারে আবারও বাড়ল পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, আজ মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে এই নতুন মূল্যতালিকা। ভোক্তা পর্যায়ে প্রতি লিটার পেট্রলের দাম ৫ টাকা বাড়িয়ে ১৪০ টাকা এবং অকটেনের দাম ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে কেরোসিনের দামও ৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ টাকায়। তবে পরিবহন খাতের ওপর চাপ কমাতে এবং সাধারণ মানুষের স্বস্তির কথা বিবেচনা করে বহুল ব্যবহৃত ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকাই অপরিবর্তিত রাখা হয়েছে। জুনের শুরুতেই জ্বালানির এই মূল্যবৃদ্ধি সাধারণ মধ্যবিত্তের পকেটে বড় ধাক্কা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে দেশের বাজারে। ২০২৪ সালের মার্চ থেকে চালু হওয়া স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণী ফর্মুলার আওতায় প্রতি মাসে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই দাম নির্ধারণ করা হচ্ছে। এর আগে ২০২২ সালের আগস্টে দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মূল্যবৃদ্ধির রেকর্ড গড়ার পর, বর্তমানের এই নতুন বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দেবে। পরিবহন ভাড়া থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে এর কোনো নেতিবাচক প্রভাব পড়ে কি না, তা নিয়ে এখন শঙ্কিত সাধারণ ক্রেতারা।

১২ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর

Kayes@Aaa

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬

১২ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর

ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ী স্থল শুল্ক স্টেশনে দুর্গাপূজা, কালীপূজা-দীপাবলি ও ছটপূজা উপলক্ষে কয়েক দফায় মোট ১২ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ফলে এ সময়ে বাংলাদেশের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রমও বন্ধ থাকবে।

ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ৬ অক্টোবরের চিঠিতে ছুটির এ সময়সূচি জানানো হয়েছে। চিঠি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৭ থেকে ২৪ অক্টোবর, কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ৮ থেকে ১০ নভেম্বর এবং ছটপূজা উপলক্ষে ১৫ ও ১৬ নভেম্বর আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে যথাক্রমে ২৫ অক্টোবর, ১১ নভেম্বর ও ১৭ নভেম্বর থেকে কার্যক্রম স্বাভাবিক হবে।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন এবং বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম জানান, ভারতের ফুলবাড়ী স্থল শুল্ক স্টেশনে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব উপলক্ষে ছুটি থাকায় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমও বন্ধ থাকবে।

ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ছুটির বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের বিষয়ে তাঁরা চিঠি পেয়েছেন।

বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ওসি কেফাতুল্লা ওয়ারেছ বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাশেদ বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও কাস্টমস-সংশ্লিষ্ট কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানা যাবে।



অস্থিতিশীলতার অপচেষ্টার প্রতিবাদে আনোয়ারায় বিএনপির মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬

অস্থিতিশীলতার অপচেষ্টার প্রতিবাদে আনোয়ারায় বিএনপির মিছিল-সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামের আনোয়ারায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিনের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গাজী ফোরকান। দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল বিন মনিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন যুবদল নেতা জিয়াউল কাদের জিয়া, অ্যাডভোকেট নুরুল কবির রানা, ওসমান সিকদার, আলফাজুর রহমান আরিফ এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোফাজ্জল হোসেন জুয়েল।

এ ছাড়া আবদুল হান্নান, তারেক, আরফাত, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন, শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তারেক, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন রাকিব এবং আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম, হাসান ও মোহাম্মদ মোছাসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি আনোয়ারা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিকভাবে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল—আনোয়ারা উপজেলা শাখা।


গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

Kayes@Aaa

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬

গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘সি স্টেজ বিডি লিমিটেড’ নামের কারখানার শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা ধরে চলমান আন্দোলনের পর সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পুলিশ। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুরের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিক মোজাম্মেল ও তরিকুল  আলী আজম জানান, গত ১০ অক্টোবরের আন্দোলনের পর কর্তৃপক্ষ ১৩ অক্টোবর সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নির্ধারিত দিনে বেতন না পাওয়ায় তারা আবারও আন্দোলনে নামেন। গতকাল বুধবার বেতন দেওয়ার তারিখ থাকলে বেতন না দিয়ে টালবাহানা করতে থাকে। আজকে সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।

এর জেরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করতে ও বেতন পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনার প্রস্তাব দেয়। শ্রমিকরা প্রস্তাব উপেক্ষা করে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করতে থাকেন। এ সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ পেছনে ফিরে এসে মহাসড়ক অবরোধে থাকা শ্রমিকদের সমানে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।


গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা সেপ্টেম্বর মাসের বেতনের দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে তাদের মালিকপক্ষের সাথে আলোচনা করার প্রস্তাব জানিয়ে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করি। তারা অনুরোধে সাড়া না দিয়ে মহাসড়ক অবরোধ অব্যাহত রাখে। পরে তাদের বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মালিকপক্ষের সাথে আলোচনা করে বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তাদের যে অভিযোগ কারখানা থেকে মেশিনপত্র সরিয়ে নেওয়া হয়েছে তা সঠিক নয়।