শেয়ার বাজার

ঝরল ১৫ প্রাণ
ঈদের আনন্দে বিষাদের ছায়া, সারা দেশে সড়কে ঝরল ১৫ প্রাণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার, ২৯ মে ২০২৬

ঈদের আনন্দে বিষাদের ছায়া, সারা দেশে সড়কে ঝরল ১৫ প্রাণ

সারা দেশে যখন উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে, তখন বেশ কিছু পরিবারে আনন্দের পরিবর্তে নেমে এসেছে গভীর বিষাদের গ্লানি। ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে রাত পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের বেদগ্রাম স্ট্যান্ডে। ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার সোহাগ, তাঁর স্ত্রী খাদিজা বেগম এবং তাঁদের ছয় বছরের শিশুসন্তান আহমদ আলী। তাঁরা ঢাকা থেকে গ্রামের বাড়িতে ঈদ করতে যাচ্ছিলেন। এই দুর্ঘটনায় নিহত অন্য দুজন হলেন বাগেরহাটের চিতলমারী উপজেলার শাওন ঢালী ও শোয়েব শেখ।

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় রাত আটটার দিকে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বগুড়ার শেরপুরে বন্ধুদের সাথে ঈদের আনন্দে ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আবু রায়হান ও তামিম হোসেন নামে দুই তরুণ। শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শুভগাছা এলাকায় এই দুর্ঘটনায় আরও চার বন্ধু গুরুতর আহত হয়ে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঈদের দিনে বোনকে কোরবানির গরুর মাংস দিতে গিয়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রাজাবাড়ী এলাকায় চন্দ্রা পরিবহনের একটি দ্রুতগতির বাসের চাপায় প্রাণ হারিয়েছেন সফিকুল ইসলাম সফি নামে এক দর্জি ব্যবসায়ী। তিনি রাস্তার পাশে রিকশার জন্য অপেক্ষা করছিলেন।

এছাড়া নড়াইলের লোহাগড়ায় যশোর-নড়াইল মহাসড়কে রোজিনা পরিবহনের বাসচাপায় মোহাম্মদ সাব্বির হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর বন্ধু সৈকত গাজীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদিকে মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসের ইঞ্জিন কভারে বসে থাকা সাত্তার হাওলাদার নামে এক যাত্রী আকস্মিক ব্রেকের কারণে ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান।

পটুয়াখালীর গলাচিপায় দ্রুতগামী মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন, যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মাওলানা ভাসানী সেতুর উত্তর প্রান্তে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির এক মোটরসাইকেলের ধাক্কায় মালেকা বেগম নামে এক নারী নিহত হয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে।

বাজেট
অটোরিকশা থেকেই আসবে হাজার কোটি টাকা রাজস্ব! বাজেটে বড় চমক দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মে, ২০২৬

অটোরিকশা থেকেই আসবে হাজার কোটি টাকা রাজস্ব! বাজেটে বড় চমক দিচ্ছে সরকার

সারা দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা দূর করার পাশাপাশি রাজস্বের পরিধি বাড়াতে এবার যুগান্তকারী এক পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো ব্যাটারিচালিত অটোরিকশাকে অগ্রিম আয়করের আওতায় আনার জোরালো প্রস্তুতি চলছে। সরকারি হিসাব অনুযায়ী, দেশে প্রায় এক কোটির কাছাকাছি অটোরিকশা চলাচল করছে, যা থেকে গড়ে মাত্র ১ হাজার টাকা করে কর আদায় করা গেলেও সরকারের ঘরে আসবে প্রায় হাজার কোটি টাকার বিশাল রাজস্ব। প্রাথমিক প্রস্তাবনায় সিটি করপোরেশন এলাকায় ৫ হাজার, পৌরসভায় ২ হাজার এবং ইউনিয়ন পর্যায়ে ১ হাজার টাকা ট্যাক্স নির্ধারণ করা হলেও, সাধারণ মালিকদের স্বস্তির কথা চিন্তা করে চূড়ান্ত পর্যায়ে এই করের হার অর্ধেক কমিয়ে যথাক্রমে ২৫০০, ১০০০ এবং ৫০০ টাকা করার জোর সম্ভাবনা রয়েছে।

"এবার বাজেটে ব্যাটারিচালিত অটোরিকশাকে করের আওতায় এনে ১ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের বড় পরিকল্পনা করছে সরকার।"

নিবন্ধনের বাধ্যবাধকতা ও আইনি জটিলতায় এতদিন এই বিশাল খাতটি করের আওতার বাইরে থাকলেও, নতুন বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালার অধীনে এদের নিয়মের মধ্যে আনা হচ্ছে। এই করের বড় বোঝা মূলত চালকদের ওপর নয়, বরং বহন করতে হবে গ্যারেজ বা রিকশা মালিকদেরই। ঢাকার অটোরিকশাচালক জজ মিয়া ও সুলতান মিয়ার মতো খেটে খাওয়া মানুষেরা জানান, মহাজনেরা ইতিমধ্যে করের দায়ভার নেওয়ার আশ্বাস দিয়েছেন, ফলে তাদের দৈনিক জমার হার বাড়বে না। উল্টো লাইসেন্সিং ও নিবন্ধনের মাধ্যমে রাস্তায় অটোরিকশার সংখ্যা সুনির্দিষ্ট করা হলে তাদের দৈনিক আয় আরও বাড়বে এবং সড়কে দীর্ঘদিনের চলাচলের বিশৃঙ্খলাও দূর হবে বলে আশা করছেন এই খাতের সাধারণ চালক ও যাত্রীরা।


বিএনপির মিছিলে ওয়ারেন্টভুক্ত আসামি ফেলেই গ্রেফতার: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৪

বিএনপির মিছিলে ওয়ারেন্টভুক্ত আসামি ফেলেই গ্রেফতার: ডিএমপি

বিএনপির কালো পতাকা মিছিলে ওয়ারেন্টভুক্ত কোনো আসামি যোগ দিলে তাকে গ্রেফতার করতে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

লিটন কুমার সাহা বলেন, ‘ওয়ারেন্টভুক্ত আসামিদের আমরা গ্রেফতার করছি। আজ বিএনপির প্রোগ্রাম রয়েছে, সেখানে ওয়ারেন্টভুক্ত কোনো আসামি আসলে তাদের গ্রেফতারে আমাদের ব্যপক প্রস্তুতি রয়েছে। প্রোগ্রামে কোনো আসামি এসেছে কিন্তু আমরা ধরিনি, এমন নয়।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো সবসময়ই তাদের কর্মসূচি পালন করছে। রাজনৈতিক কোনো কর্মসূচিতে আমরা বাধা দিচ্ছি না।’

আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে কালো পতাকা মিছিলের কর্মসূচি রয়েছে বিএনপির। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মামলা প্রত্যাহার ও ‘অবৈধ সংসদ’ বাতিলের দাবিতে এই কর্মসূচি পালন করছে দলটি।

নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি নাইটিঙ্গেল মোড় হয়ে ফকিরাপুল-আরামবাগ মোড় ঘুরে নয়াপল্টনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।


ডুয়েটে ‘ব্লকেড’ কর্মসূচি, নতুন ভিসির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মে, ২০২৬

ডুয়েটে ‘ব্লকেড’ কর্মসূচি, নতুন ভিসির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-ডুয়েটের এ নতুন উপাচার্য যোগদানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের চলমান আন্দোলন পঞ্চম দিনে গড়িয়েছে।

সোমবার সকাল থেকে শুরু হয়েছে ‘ডুয়েট ব্লকেড’ কর্মসূচি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

রোববার সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও বহিরাগতদের দফায় দফায় সংঘর্ষের পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর প্রতিবাদে থেকে পূর্বঘোষিত ‘ডুয়েট ব্লকেড’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

সোমবার সকাল থেকে তারা ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ শুরু করে। তবে বেলা ২টা পর্যন্ত ক্যাম্পাসে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলমান রয়েছে বলে জানা গেছে।

গাজীপুর সদর থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, “সোমবার সকাল থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট করছে, তবে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নির্দিষ্ট অবস্থানে পুলিশও অবস্থান করছে।”

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বদলের ধারাবাহিকতায় গত ১৪ মে বুয়েটসহ ১১টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেয় সরকার। ডুয়েটের উপাচার্য হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে দ্বায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন দেওয়া হয়।

তারপর থেকেই প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীদের একাংশ। তাদের দাবি, ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য দিতে হবে।

এর ধারাবাহিকতায় ১৭ মে সকালে ‘নতুন ভিসিকে লাল কার্ড’ কর্মসূচির ব্যানারে বিক্ষোভের ডাক দেন আন্দোলনরতরা। সেদিন সকাল থেকেই ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। এ সময় ‘দাবি মোদের একটাই, ডুয়েট থেকে ভিসি চাই’ এবং ‘ডুয়েটের ভিসি, ডুয়েট থেকেই চাই’ স্লোগান দেন।

নবনিযুক্ত ভিসিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের ফটকে ব্যানার টানিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন একদল শিক্ষার্থী। এরপরই বহিরাগতরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ শিক্ষার্থীদের।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ১৭ মে দুপুরের দিকে নবনিযুক্ত ভিসির পক্ষে কিছু বহিরাগত লোক এসে ক্যাম্পাসে অবস্থান নিলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। এ সময় দফায়-দফায় সংঘর্ষে দুই পক্ষের মধ্যে ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন; বন্ধ হয়ে যায় ঢাকা শিমুলতলী সড়কে বাস চলাচল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনার পর পুরো ক্যাম্পাসজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের চলমান আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন এবং তিন দফা দাবি উত্থাপন করেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো-

১. শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালের ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগ বাতিল।

২. ডুয়েটে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে ভিসি হিসেবে নিয়োগ।

৩. শিক্ষার্থী ও সহপাঠীদের ওপর সংঘটিত হামলার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের স্থায়ী বহিষ্কার।

সোমবার আন্দোলন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এদিকে ডুয়েটে নতুন ভিসির বিরুদ্ধে একদল শিক্ষার্থী যে আন্দোলনে নেমেছে, তাতে ইসলামী ছাত্রশিবিরের জড়িত থাকার অভিযোগ তোলে ছাত্রদল।

ক্ষমতাসীন বিএনপির ছাত্রসংগঠনটি বলেছে, 'সাধারণ শিক্ষার্থীর বেশ ধরে’ ছাত্রশিবিরের নেতাকর্মীরা ডুয়েট ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাইছে।

ডুয়েটের নতুন ভিসি মোহাম্মদ ইকবাল এখনও তার অফিসে যাননি। তিনি শিক্ষকদের সঙ্গে ক্যাম্পাসের বাইরে বৈঠক করছেন বলে জানা গেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে মোহাম্মদ ইকবাল বলেন, তিনি ক্যাম্পাসের বাইরে গাজীপুরেই অবস্থান করছেন। নতুন সহকর্মীদের সঙ্গে অনলাইনে বৈঠক ও যোগাযোগের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।