শেয়ার বাজার

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার, ২৭ মে ২০২৬

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি, এই সময়ে নতুন করে ১ হাজার ১১৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। 

বুধবার (২৭ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ২, ময়মনসিংহে ২ এবং রাজশাহী বিভাগে ১ শিশুর মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, নতুন করে ঢাকা বিভাগে ৫৬৩, রাজশাহীতে ৫১, সিলেটে ৩০, বরিশালে ১৩৭, চট্টগ্রামে ১৭৫, ময়মনসিংহে ৬২, খুলনায় ৭৮ এবং রংপুর বিভাগে ২১ জন রোগী হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে।    

এদিকে, স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার (২৭ মে) পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে ৫৬০ শিশুর মৃত্যু হয়েছে। 

স্বাস্থ্য অধিদফতর
৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্–দ্বীনের গাফিলতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মে, ২০২৬

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্–দ্বীনের গাফিলতি

রাজধানীর মগবাজারের আদ্–দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একই ওয়ার্ডে (পোস্ট-অপারেটিভ ওয়ার্ড) ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গুরুতর গাফিলতি পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ রায়হান।

শুক্রবার (২৯ মে) সকালে তিনি গণমাধ্যমকে এ কথা জানান।

ডা. জাহিদ রায়হান বলেছেন, তদন্তে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডের অবকাঠামোগত ত্রুটিসহ নানা অনিয়ম ধরা পড়েছে। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় করা সরকারের উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদন আগামীকাল জমা দেওয়া হবে।

এর আগে, এই ঘটনায় ঢাকার রমনা থানায় মামলা হয়। মামলায় অবহেলাজনিত কারণে শিশু মৃত্যুর অভিযোগ আনা হয়। নিহত এক নবজাতকের স্বজন বুধবার রাতে বাদী হয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলাটি করেন।


গাইবান্ধায় কুকুরের কামড়ে ৫ জনের মৃত্যু, তদন্তের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মে, ২০২৬

গাইবান্ধায় কুকুরের কামড়ে ৫ জনের মৃত্যু, তদন্তের নির্দেশ হাইকোর্টের

গাইবান্ধায় কুকুরের কামড়ে ৫ জন নিহতের ঘটনায় কার গাফিলতি, তা খতিয়ে দেখে জেলা সিভিল সার্জনকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

বুধবার (২০ মে) বিচারপতি মোহাম্মদ ইকবাল কবির ও এস এম সাইফুল ইসলামের বেঞ্চ এ নির্দেশ দেন।

আদালতে বিষয়টি নিয়ে রিট করেন আইনজীবী শাফিনুর ইসলাম। পরে সাংবাদিকদের রিটকারীর পক্ষের আইনজীবী বলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে ১৭ জন আহত হয়। পরে সরকারি হাসপাতালে টিকা না পেয়ে বেসরকারি হাসপাতাল থেকে টিকা নেন তারা। তারপরও এ ঘটনায় ৫ জন মারা যায়। তাই গাইবান্ধার সিভিল সার্জনকে ঘটনা খতিয়ে দেখে ঈদের ছুটির পর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে, ২২ এপ্রিল গাইবান্ধার সুন্দরগঞ্জের দুটি ইউনিয়নের কয়েকটি এলাকায় কুকুরের কামড়ে আহত হন তারা। দুই সপ্তাহ পর ৫ জন মারা গেলে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।


সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মে, ২০২৬

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) দেশে আরও দুই শিশু মারা গেছে। আর এ সময়ে ৯৬১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। হামে আক্রান্ত হয়েছে ১০৮ শিশু। মোট ১ হাজার ৬৯ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, হামের উপসর্গে দুই শিশু সিলেটে মারা গেছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৩৭৯ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৭৪ শিশু। হাম ও হামের উপসর্গে মোট ৪৫৩ শিশু মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৫৬ হাজার ৫৭২ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪১ হাজার ২৮ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩৬ হাজার ৬৪৫ শিশু বাড়ি ফিরেছে।

গত ১৫ মার্চ থেকে দেশে ৭ হাজার ৫২৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।