?> অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন | AAA News । বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ, শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। AAA News । বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ, শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন।
শেয়ার বাজার

অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন

Kayes@Aaa

প্রকাশিত: বৃহঃস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন

সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে বাংলাদেশ ও চীন অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে জোর দিয়েছে।

বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) উদ্যোগে চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং ঢাকায় চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন সম্পর্ক উন্নয়নে জোর দেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানায়।

শামা ওবায়েদ বলেন, গত ৭৭ বছরে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের অর্জন উন্নয়নশীল দেশগুলোর জন্য মূল্যবান শিক্ষণীয় অভিজ্ঞতা। চীনের সঙ্গে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও জোরদার এবং বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে বাংলাদেশের দৃঢ় প্রত্যাশা রয়েছে।

লিউ ইউইন বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের কৌশলগত নির্দেশনায় চীন-বাংলাদেশ সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হয়েছে। ‘নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন সম্প্রদায়’ গঠনের যৌথ উদ্যোগ দ্বিপক্ষীয় সম্পর্কের দীর্ঘমেয়াদি উন্নয়নে গতি সঞ্চার করেছে। 

তিনি বলেন, চীন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও উন্নয়ন সহযোগী হিসেবে পাশে রয়েছে। বাস্তবভিত্তিক সহযোগিতা গভীর করার পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির

Kayes@Aaa

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬

শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নেতারা। এ সময় তৈরি পোশাক ও নিটওয়্যার শিল্পের বর্তমান পরিস্থিতি, চলমান সংকট এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিযোগী সক্ষমতা বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় রাষ্ট্রপতি শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ দেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিকেএমইএ এ তথ্য জানিয়েছে। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে সৌজন্য সাক্ষাতে নির্বাহী সভাপতি ফাজলে শামীম এহসান, সহ-সভাপতি মো. শামসুজ্জামান, মো. মোরশেদ সারোয়ার সোহেল, আশিকুর রহমান ও ফকির কামরুজ্জামান নাহিদসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।সাক্ষাতে দেশের তৈরি পোশাক খাতের বর্তমান অবস্থা এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের প্রতিযোগী সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম সাম্প্রতিক গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে শিল্পের উৎপাদন, সরবরাহ ব্যবস্থা এবং রপ্তানি সক্ষমতার ওপর যে চাপ সৃষ্টি হচ্ছে- তা রাষ্ট্রপতির নিকট গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

এ সময় তিনি গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণ, জ্বালানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং শিল্পের উৎপাদন ব্যয় কমাতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে রাষ্ট্রপতি বলেন, জ্বালানি সমস্যা সমাধানে শিল্প মালিকদের সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে আসতে হবে। সরকার দেশের ক্রমবর্ধমান অর্থনীতিকে সচল রাখতে কাজ করে যাচ্ছে।

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) কর্তৃক উপস্থাপিত পত্রের বিষয়টি তুলে ধরেন। তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন, বাণিজ্য মন্ত্রনালয় এরই মধ্যে সব পক্ষকে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহনের দিকনির্দেশনা দিয়েছে- যা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে রাষ্ট্রপতি জানান, তার দপ্তর কর্তৃক প্রেরিত পত্রটি শুধুমাত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণের জন্য পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অন্যান্য অংশীজনদের মতামতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে উল্লেখ করেন। এছাড়াও, রাষ্ট্রপতি বিকেএমইএ-কেও এ বিষয়ে একটি পত্র প্রদানের পরামর্শ দেন। 

রাষ্ট্রপতি আরও বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনীতিকে সচল রাখতে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন, যেন সব পক্ষ সমান সুবিধা পায়। বর্তমান সরকার দেশের অর্থনীতিকে মজবুত, কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে অর্থ, শিল্প ও ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করেছে। এসময় তিনি দেশে বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর ওপর গুরুত্বারোপ করেন।


দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের অবদান রাষ্ট্রপতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং তাদের ধন্যবাদ জানান।


জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Kayes@Aaa

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬

জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্কে সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় পৌঁছেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটটি সকাল ৮টা ২১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

ইউএনজিএর ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দেওয়া এবং ধারাবাহিক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক শেষে প্রধানমন্ত্রী ২৫ সেপ্টেম্বর (স্থানীয় সময় রাত সাড়ে ১১টা) নিউইয়র্ক ত্যাগ করেন।
নিউইয়র্কে চার দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছিল বলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এক প্রেস ব্রিফিংয়ে জানান।
 
এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তির বিষয়গুলো গুরুত্ব পায়।মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী ইউএনজিএ-সংশ্লিষ্ট আটটি কর্মসূচি, ইউএনজিএর সাইডলাইনে চারটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান এবং ১১টি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এ ছাড়া তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করেন।
 
প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও সফরকালে আটটি উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে চারটি অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। এগুলোর মধ্যে ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স, ফার্স্ট স্পাউসেস’ ডায়ালগ এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য ও মিডওয়াইফারি বিষয়ক একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান।


প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হবে যথাসময়ে: দীনেশ ত্রিবেদী

Kayes@Aaa

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হবে যথাসময়ে: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর যথাসময়ে হবে এবং এ নিয়ে তাড়াহুড়োর কিছু নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
মঙ্গলবার ( ২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।

দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নাই, যথাসময়ে সফর হবে। সফরসূচি ঠিক করতে এখনো ইতিবাচক আলোচনা চলছে।

ভারতীয় হাইকমিশনার বলেন, এই সফর নিয়ে দুই দেশই ইতিবাচক। যেহেতু সব কিছু ইতিবাচক; এই সফর নিয়ে তিনি আশাবাদী। 
 
তবে নভেম্বর মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে যেতে পারেন বলে ভারতের গণমাধ্যমে যেসব খবর বেরিয়েছে সেগুলোকে সমর্থন করেননি দীনেশ ত্রিবেদী।