অবশেষে কাটল জট। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের স্থগিতাদেশ প্রত্যাহারের পর আবারও প্রেক্ষাগৃহে প্রদর্শনে আর কোনো বাধা রইল না শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘প্রিন্স’-এর। আজ রোববার সিনেমাটির পরিবর্তিত সংস্করণের সার্টিফিকেশন সনদ হাতে পেয়েছে এর প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।
এর আগে, গত ২১ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশে মুক্তি পেয়েছিল সিনেমাটি। তবে কিছু দৃশ্য ও গান নিয়ে জটিলতা তৈরি হওয়ায় এর প্রদর্শনী স্থগিত করা হয়েছিল। এ বিষয়ে সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মঈনউদ্দীন জানান, সার্টিফিকেশনবিহীন কোনো দৃশ্য বা গান প্রদর্শন করা হবে না—এমন মর্মে সংশ্লিষ্টরা একটি মুচলেকা দিয়েছেন। আর সেই মুচলেকায় সন্তুষ্ট হয়েই বোর্ড সিনেমাটির ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।