?> ৯ মাসে ‘মব’ সহিংসতায় নিহত ১৮৭ | AAA News । বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ, শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। AAA News । বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ, শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন।
শেয়ার বাজার

৯ মাসে ‘মব’ সহিংসতায় নিহত ১৮৭

Kayes@Aaa

প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

৯ মাসে ‘মব’ সহিংসতায় নিহত ১৮৭

চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) সারা দেশে ‘মব’ সহিংসতায় ১৮৭ জনকে হত্যা করা হয়েছে। একই সময়ে ধর্ষণের শিকার হয়েছে ৬৩৭ জন নারী।যাদের বেশির ভাগই (৬০ শতাংশ) শিশু। 

এ ছাড়া একই সময়ে রাজনৈতিক সহিংসতার ঘটনায় বিএনপির অন্তঃকোন্দলে মারা গেছেন ৪০ জন নেতাকর্মী। মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য দেয়।

প্রতিবেদনে মব সহিংসতা ও গণপিটুনির ঘটনায় উদ্বেগ জানিয়ে বলা হয়, ৯ মাসে চুরি, ডাকাতি, ছিনতাই, বাগবিতণ্ডা, আধিপত্য বিস্তার, ধর্মীয় অবমাননা, ধর্ষণ ও ধর্ষণচেষ্টাসহ নানা অভিযোগে গণপিটুনি ও মব সহিংসতার ৩৯৮টি ঘটনায় ১৮৭ জন নিহত হয়।
এতে আহত হয় ৪০১ জন।

৯ মাসে নারী ও শিশু নির্যাতনের চিত্র তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, এ সময়ে ২ হাজার ৪০৪ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়। এর মধ্যে ধর্ষণের শিকার হয় অন্তত ৬৫৭ জন। যাঁদের মধ্যে ৩৯২ জন ১৮ বছরের কম বয়সী শিশু ও কিশোরী।

প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ১৩০ জন (২০ শতাংশ) নারী ও কন্যাশিশু দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। ধর্ষণের পর হত্যা করা হয় ২৯ জনকে। এ ছাড়া ৬৯৬ জন নারী ও কন্যাশিশু যৌন নিপীড়নের শিকার হয়। তাদের মধ্যে ২৭৬ জন (৪০ শতাংশ) শিশু।

গত ৯ মাসে সারা দেশে ১ হাজার ১৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় দলীয় কোন্দল ও অন্তঃকোন্দলে ৭৩ জন নিহত হয়।
এসময় ৬ হাজার ৪৭৩ জনের বেশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ আহত হয়। এর মধ্যে বিএনপির অন্তঃকোন্দলে ৩৪২টি ঘটনায় ৪০ জন নিহত ও ২ হাজার ৬৩২ জন আহত হয়।

এ ছাড়া বিএনপি-জামায়াতের মধ্যে ৩২১টি সহিংসতার ঘটনায় ১১ জন নিহত ও ২ হাজার ১৯০ জন আহত হয়। এ সময়ে রাজনৈতিক সহিংসতায় নিহত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বিশ্লেষণে দেখা যায়, নিহত ৭৩ জনের মধ্যে বিএনপির ৪৬ জন (৬৩ শতাংশ), জামায়াতের ৮ জন (১১ শতাংশ) ও আওয়ামী লীগের ৬ জন (৮ শতাংশ)।

৯ মাসে সন্ত্রাস, নাশকতা, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে নিয়মিত অভিযানে ৬৩ হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় প্রতিবেদনে।

২৮৮টি ঘটনায় ৫১৮ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয় জানিয়ে ৯ মাসে সাংবাদিক নির্যাতনের ঘটনার তথ্য উল্লেখ করে বলা হয়, এসব ঘটনায় আহত হয় ২৯৭ জন, লাঞ্ছনার শিকার হয় ৮৭ জন এবং হুমকির সম্মুখীন হয় ৭৭ জন সাংবাদিক। এ ছাড়া সাইবার নিরাপত্তা আইন-২০২৬-এর অধীনে ৫১ জন সাংবাদিককে আসামি করে ১৯টি মামলা হয়। 

এসময় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এবং সাইবার সুরক্ষা আইন-২০২৬-এর বিভিন্ন ধারায় পৃথক ৪০টি মামলায় ১১৩ জনকে অভিযুক্ত এবং ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়। 

বিচারবহির্ভূত হত্যা, হেফাজত ও কারাগারে মৃত্যুর বিষয়ে উদ্বেগ জানিয়ে প্রতিবেদনে বলা হয়, এসময় কারাগারে ৯৫ জন আসামির মৃত্যু হয়। তাঁদের মধ্যে ৪০ জন কয়েদি ও ৫৫ জন হাজতি। তাঁদের মধ্যে ২০ জন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্য।

প্রতিবেদনে ৯ মাসে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে উদ্বেগ জানিয়ে বলা হয়, গত ৯ মাসে সংখ্যালঘু সমপ্রদায়ের ওপর ৫৬টি হামলার ঘটনায় ৬২ জন আহত হয়। এ সময় ২১টি মন্দির, ২০টি প্রতিমা ও ৪৭টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

৯ মাসে সারা দেশে নদী, খাল, জঙ্গল ও পরিত্যক্ত স্থানে দুর্বৃত্তদের হাতে হতাহতের বিষয়ে উদ্বেগ জানিয়ে প্রতিবেদনে বলা হয়, এসব স্থানে দুর্বৃত্তদের হাতে হত্যাকাণ্ডের ৪৬৫টি ঘটনায় ৪৯১টি লাশ উদ্ধার হয়। এর মধ্যে বস্তাবন্দি অবস্থায় ৪৬টি, ঝুলন্ত অবস্থায় ৮৭টি এবং শরীরে একাধিক আঘাতসহ ৭৪টি লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া গলা কেটে হত্যা করা ৩৫টি এবং হাত-পা বাঁধা ৩১টি লাশ পাওয়া গেছে। এর বাইরে নানা ধরনের পরিস্থিতিতে আরও ২১৮টি লাশ পাওয়া গেছে।

সীমান্তে হতাহত ও আটকের ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ৯ মাসে ভারত-বাংলাদেশ সীমান্তে ৪৩টি হামলার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হামলায় ১৩ জন নিহত ও ৩৯ জন আহত হয়। এর মধ্যে গুলিবিদ্ধ হয়ে আহত হয় ২২ জন।

শ্রমিক নির্যাতনে মানবাধিকার লঙ্ঘনের বিষয় উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, গত ৯ মাসে ৫৮২টি শ্রমিক নির্যাতনের ঘটনায় নিহত হয় ১৪৫ জন এবং আহত হয় ১ হাজার ২৬৩ জন। অস্বাস্থ্যকর পরিবেশ এবং শ্রমিকদের সুরক্ষামূলক সরঞ্জামের অভাবে দুর্ঘটনায় ৩৯০ জন শ্রমিক কর্মক্ষেত্রে মারা গেছেন।

শিশুদের ওপর সহিংসতা ও নির্যাতনের বিষয়ে উদ্বেগ জানিয়ে বলা হয়, ৯ মাসে ১ হাজার ৮১০ জন শিশু নির্যাতনের শিকার হয়। এর মধ্যে অন্তত ৪৯৪ জন শিশু প্রাণ হারায়। ১ হাজার ৩১৬ জন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় চাঁদাবাজির কোনো ঘটনাই নেই: পুলিশ

Kayes@Aaa

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় চাঁদাবাজির কোনো ঘটনাই নেই: পুলিশ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

ডিএমপির ক্যান্টনমেন্ট থানার অফিসার ইন চার্জ (ওসি) গিয়াস উদ্দিন ইত্তেফাক ডিজিটালকে জানিয়েছেন, সালমান মুক্তাদিরের স্টুডিও লক্ষ্য করে হামলা চালানো হয়নি। নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। সেখানে চাঁদাবাজির কোনো ঘটনাও ঘটেনি বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে সালমান মুক্তাদিরের কাছে চাঁদা চাওয়ার কোনো সম্পৃক্ততা নেই। এমনকি কোনো রাজনৈতিক যোগসুত্রও নেই। ঘটনার পুরোটাই নিউ গিনি প্রপার্টিজের মালিক পক্ষের ব্যক্তিগত ঝামেলা। সালমান মুক্তাদিরের স্টুডিও এই প্রপার্টিজের মাঝে পরায় সেখানেও ভাঙচুর হয়েছে বলে ধারনা করা হচ্ছে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজে অবস্থিত সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্টুডিওর ভাঙচুরের ভিডিও প্রকাশ করেন সালমান।

ভিডিওতে স্টুডিওর চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়। স্টুডিওর কয়েকজন কর্মীকেও কান্নারত অবস্থায় দেখা যায়। ভিডিওতে সালমান বলেন, ‘একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল…এই পুরা অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।’

এর আগে সালমান অভিযোগ করেছিলেন, চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে হামলা চালানো হয়েছে। তার স্টুডিওর সিসি ক্যামেরা, বিভিন্ন যন্ত্রপাতি ও আসবাব ভাঙচুর এবং কিছু মালামাল লুটের অভিযোগও ওঠে।

তবে পুলিশের বক্তব্য অনুযায়ী, ঘটনার মূল কারণ স্টুডিও নয়; নিউ গিনি প্রপার্টিজের সঙ্গে পাশের জমির মালিকের বিরোধ। পুলিশ বলছে, ওই বিরোধের জেরেই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং হামলার প্রকৃত কারণ কী, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।


ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন

Kayes@Aaa

প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৬

ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন

ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনই গণতন্ত্রের আসল শক্তি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে আটক এক স্কুলশিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে সসম্মানে ছেড়ে দেওয়ার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে ঘটনার বর্ণনা দিয়ে মাহদী আমিন বলেন, ‘কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে এক স্কুলশিক্ষকের কটূক্তি ও আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও অধিবাসীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিদ্যালয় প্রাঙ্গণে তাদের বিক্ষোভের পর পুলিশ ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।’

তিনি জানান, বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন, শিক্ষককে সসম্মানে ছেড়ে দিয়ে নিরাপদে তার বাসায় পৌঁছে দিতে। প্রধানমন্ত্রীর নির্দেশে পরবর্তীতে পুলিশ তাকে নিরাপদে বাসায় পৌঁছে দেয়।

প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি তুলে ধরে তাঁর কার্যালয়ের মুখপাত্র পোস্টে আরও লেখেন, ‘প্রধানমন্ত্রী মনে করেন, মতের ভিন্নতা থাকতেই পারে; প্রত্যেক মানুষের দৃষ্টিভঙ্গি ও মতামত তার নিজস্ব। কারও মতের সঙ্গে একমত না হলেও তার মতপ্রকাশের অধিকারকে সম্মান করা উচিত। ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি এই সম্মানই গণতন্ত্রের শক্তি।’

তিনি উল্লেখ করেন, ইতিবাচক আচরণ, পারস্পরিক সম্মান ও সহাবস্থানের সংস্কৃতি সমাজকে শক্তিশালী করবে বলে প্রধানমন্ত্রী বিশ্বাস করেন।


ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Kayes@Aaa

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬

ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আধুনিকায়ন শেষে দীর্ঘদিন পর নগরবাসীর জন্য খুলে দেওয়া হয়েছে উদ্যানটি।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী আধুনিকায়ন করা ওসমানী উদ্যান এবং এর প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে উদ্যানটির আধুনিকায়ন করা হয়েছে। দীর্ঘদিন সংস্কারকাজের জন্য বন্ধ থাকার পর এটি আবারও নগরবাসীর ব্যবহারের জন্য উন্মুক্ত করা হলো।